বিশেষ প্রতিনিধি
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রুমা।
যোগদানের পর বুধবার (২৯ জুলাই) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে ডুয়েটের অগ্রযাত্রা আরও গতিশীল করতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। এ জন্য সবার সহযোগিতা চেয়েছেন নতুন উপ-উপাচার্য।
ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার রায়হান হোসেন জানান, গত ২৭ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার তিনি উপ-উপাচার্য হিসেবে যোগদান করেন।
এর আগে অধ্যাপক রুমা ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।
তিনি ডুয়েট থেকে স্নাতক এবং বুয়েট থেকে স্নাতকোত্তর শেষে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পালস পাওয়ার অ্যান্ড প্লাজমা বিষয়ে পিএইচডি করেন। তাঁর গবেষণার ক্ষেত্র হাই-ভোল্টেজ ডিসচার্জ প্লাজমা, নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ইলেকট্রনিকস ও পাওয়ার সিস্টেম। ৩৯টির বেশি জাতীয়-আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে তাঁর গবেষণা প্রকাশিত হয়েছে।
১৯৮১ সালে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে জন্ম নেওয়া অধ্যাপক রুমার বাবা মরহুম হারুন অর রশিদ, মা রেহানা পারভীন। তাঁর স্বামী আহসান হাবীব সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান। তিনি তিন সন্তানের জননী।