গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকা-ময়মনসিংহ রেলপথে শ্রীপুরের ইজ্জতপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে তাদের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো, আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। দুজনেই স্থানীয় হ্যামস গার্মেন্টসে কর্মরত ছিলেন।
রিনার বাড়ি শ্রীপুরের বরমি ইউনিয়নে। তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আল আমিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রিনার স্বজনদের ভাষ্যমতে, চার বছর আগে পরিবারের অমতে বিয়ে করেছিলেন রিনা ও আল আমিন। দুজনের জন্যই এটি ছিল দ্বিতীয় বিয়ে, এবং পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি।
স্বজনরা জানান, দম্পতির মধ্যে নানা বিষয়ে প্রায়ই কলহ হতো। এই বিরোধের জেরেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যদের ধারণা।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানিয়েছেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।