মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর বিপরীতে ইরান তার সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা’ সফলভাবে প্রদর্শন করেছে।

মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে মুসলিম দেশগুলোকে নিজেদের শক্তির ওপর ভরসা করার এবং আঞ্চলিক সংহতি জোরদার করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, বহিরাগত হুমকি মোকাবেলার সর্বাত্তম উপায় হলো মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ থাকা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর বিপরীতে ইরান তার সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা’ সফলভাবে প্রদর্শন করেছে।

তিনি আরও লেখেন, ‘মুসলিমরা যখন একতাবদ্ধ হয়, তখন বাইরের যেকোনো বিদ্বেষী শক্তির চ্যালেঞ্জ আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারি। এখন সময় এসেছে একমাত্র নিজেদের ওপর আস্থা রাখার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার।’

বিদেশি শক্তির বদলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতৃত্বে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ইরানি কূটনীতিবিদদের সাম্প্রতিক অবস্থানের অংশ হিসেবেই আরাঘচির এই মন্তব্য এলো।

একইদিনে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, পারস্য উপসাগরীয় দেশগুলো ক্রমশ অনুধাবন করতে পারছে যে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখানকার দেশগুলোরই।

তিনি উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলোর নেতারা ইতোমধ্যেই আঞ্চলিক আলোচনার পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছেন। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরে এলে এই সংলাপ প্রক্রিয়া আরও গতি পাবে। সূত্র: মিডিল ইস্ট মনিটর।