কালীগঞ্জে দেয়াল ধসে শ্রমিক ও সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধির মৃত্যু

কালীগঞ্জে দেয়াল ধসে শ্রমিক ও সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধির মৃত্যু

বিশেষ প্রতিনিধি

কালীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় একজন একজন শ্রমিকের ও বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি ঘটনা সড়ক দুর্ঘটনা এবং অন্যটি ঘরের দেয়াল ধসে পড়ার ঘটনা। দুটিই ঘটে মঙ্গলবার (১১ আগস্ট) দিনের ভিন্ন সময়ে, উপজেলার আলাদা দুটি এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের নাভানা কারখানা এলাকায় একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয় ঘোড়াশালগামী একটি মোটরসাইকেলকে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মো. জাহিদ হোসেন (৫২)। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

নিহত জাহিদ হোসেন পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গ্রেট সেলস এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে মঙ্গলবার ভোররাতে উপজেলার জামালপুর এলাকায় ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরের মাটির দেয়াল ধসে পড়ে মতিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

মতিউর রহমান নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার জনতা জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।