গাজীপুর কণ্ঠ ডেস্ক
সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।
বুধবার (১২ অগাস্ট ) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনা।
সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল সংবাদ মাধ্যমকে জানিয়েছে, “খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।”
ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সংবাদ মাধ্যমকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছে তবে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
“ঘরের আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গিয়ে থাকতে পারে বলে ধারণা করছে।”
তিনি বলেন, “চার তলার ভাড়াটিয়ারা জানিয়েছেন, তারা সকালের দিকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছিলেন। ঘটনা তদন্তে পুলিশের সিআইডি, পিবিআই এবং স্পেশাল টিম একযোগে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও তথ্যের সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করা হবে।”
“ডাকাতি, পারিবারিক শত্রুতা বা পূর্ববিরোধ সব দিক বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থল থেকে একটি দলিলও উদ্ধার হয়েছে। সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ কমিশনার বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে ডাকাতির যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের বিশেষ দল কাজ করছে।”
এ বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।