বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরের সদর থানার সালনা এলাকা থেকে ভুয়া পরিচয়ে পুলিশ সেজে ঘোরাফেরা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ অগাস্ট) দিবাগত মধ্যরাতে সালনার টেকিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ অগাস্ট) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাইদুল ইসলাম মামুন (২১)। তিনি রংপুরের কাউনিয়া থানা এলাকার মো. আজিজার রহমানের ছেলে।
র্যাব কর্মকর্তা শাহ আলম জানান, বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে দুইটার দিকে টেকিবাড়ি এলাকার আলকাসের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় মাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র, একটি ওয়াকিটকি সেট, একটি রিফ্লেকটিভ ভেস্ট, ধাতব তৈরি রুপালি রঙের দুটি পুলিশ র্যাংক ব্যাজ, নীল রঙের একটি লেজার লাইট এবং এক জোড়া কালো রঙের অক্সফোর্ড জুতা জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।