গাজীপুরে ৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ

গাজীপুরে ৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ

বিশেষ প্রতিনিধি 

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৩ অগাস্ট) গাজীপুরে শিশু-শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান মিঠু প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বারি ও ব্রি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।