শ্রীপুরে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

শ্রীপুরে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

শ্রীপুর উপজেলায় সুতিয়া নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বেলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিক্ষার্থী হলো বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১১) ও বাপ্তা গ্রামের রুহুল আমিনের ছেলে মুক্তাসিন (১১)। দুজনেই এলাকার বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে রাব্বি ও মুক্তাসিনসহ চার-পাঁচ বন্ধু সুতিয়া নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে রাব্বি সাঁতার জানলেও মুক্তাসিন জানত না। একপর্যায়ে রাব্বি মুক্তাসিনকে কাঁধে নিয়ে নদীর গভীর অংশের দিকে এগোতে থাকে। এ সময় হঠাৎ পড়ে গিয়ে বাঁচার চেষ্টায় মুক্তাসিন রাব্বিকে জড়িয়ে ধরলে দুজনই তলিয়ে যায়। সঙ্গে থাকা আরেক বন্ধু শাকিব তীরে দাঁড়িয়ে বিষয়টি দেখে দ্রুত স্বজনদের খবর দেয়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি করে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।