নিখোঁজের তিন দিন পর কালিয়াকৈরে মিলল পোশাক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ

গত বুধবার সকালে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজের তিন দিন পর কালিয়াকৈরে মিলল পোশাক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ

বিশেষ প্রতিনিধি 

কালিয়াকৈর উপজেলা থেকে মশিউর রহমান (৫০) নামের এক পোশাক কারখানার কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজেন্দ্রপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার (২৯ অগাস্ট) তার মরদেহ পাওয়া গেল।

পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার একটি গভীর শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

নিহত মশিউর রহমান পরিবার নিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত বুধবার সকালে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের তিন দিন পর ওই কারখানা কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।