হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করল রোটারি ক্লাব

হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করল রোটারি ক্লাব

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছে রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজ। প্রতিষ্ঠানটির প্রয়াত সাবেক শিক্ষার্থী, রোটারেক্টর অপুর স্মরণে পাঠাগারটির নামকরণ করা হয়েছে ‘অপু স্মৃতি পাঠাগার’।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) পাঠাগারটির উদ্বোধন করেন রোটারি ডিস্ট্রিক্ট ডি-৬৪-এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর রুবায়েত হোসেন। পাঠাগারের জন্য প্রায় দুই লাখ টাকা মূল্যের বই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারি ক্লাব ভাওয়াল হেরিটেজের সাবেক প্রেসিডেন্ট সুব্রত কুমার সাহা, যিনি এই প্রকল্পের প্রোগ্রাম চেয়ারের দায়িত্বেও ছিলেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্টরা, যার মধ্যে রয়েছেন রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তফা, রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট মনিরুজ্জামান এবং রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম। বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন।

পাঠাগার উদ্বোধনের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে হেপাটাইটিস এ ও বি নিয়ে আলোচনা করা হয়। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি রোগ দুটির কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল রোটারি ক্লাব অব ভাওয়াল, রোটারি ক্লাব অব গাজীপুর, রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালসহ ঢাকার একাধিক রোটারি ক্লাব।

দিনের শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব ভাওয়াল হেরিটেজের চার্টার ডে উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।