গাজীপুর সিটিতে মশা নিধনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ‘বিটিআই’ ব্যবহার শুরু

ধাপে ধাপে পুরো মহানগরীর ৫৭টি ওয়ার্ডে এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

গাজীপুর সিটিতে মশা নিধনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ‘বিটিআই’ ব্যবহার শুরু

বিশেষ প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশন ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধে যুক্তরাষ্ট্রের তৈরি লার্ভিসাইড ‘বিটিআই’ প্রয়োগ শুরু করেছে, যা মশার লার্ভা ধ্বংসে কার্যকর বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) গাজীপুর সিটির হাজীবাগ, শান্তিপল্লী ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই ওষুধ ছিটানো হয়। এর একদিন আগে সোমবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

বিটিআই বা ‘ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস’ একটি জৈবিক লার্ভিসাইড, যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি। সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, এটি মানবদেহ বা পরিবেশের জন্য ক্ষতিকর নয়—শুধু মশার লার্ভা ধ্বংস করে। একবার প্রয়োগের পর একটি নির্দিষ্ট এলাকা প্রায় ১৫ দিন সুরক্ষিত থাকে বলে জানানো হয়েছে।

সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন জানিয়েছেন, নগরীর মধ্যে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ ৯টি এলাকা চিহ্নিত করা হয়েছে, প্রাথমিকভাবে সেসব এলাকাতেই স্প্রে কার্যক্রম চালানো হবে। পরে ধাপে ধাপে পুরো মহানগরীর ৫৭টি ওয়ার্ডে এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, মশার প্রজননস্থল বা লার্ভার উপস্থিতি যেখানে বেশি, সেসব স্থানকে অগ্রাধিকার দিয়ে স্প্রে করা হবে। তার ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে নগরীতে মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

একইসঙ্গে তিনি নগরবাসীর প্রতি নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

স্প্রে কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।