গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ইউসুফ এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে জুনাইদ। দুজনেরই বয়স ছিল নয় বছর।
স্থানীয় তহুর উদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল ইউসুফ ও জুনাইদ। তাদের পরিবার মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করত।
প্রতিবেশীরা সংবাদ মাধ্যমকে জানান, পাশাপাশি বাড়িতে থাকা ও একই স্কুলে পড়ার সুবাদে দুই শিশুর মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। মঙ্গলবার অন্য দিনের মতোই তাদের স্কুলে পাঠিয়ে অভিভাবকেরা কাজে যান। দুপুরে স্কুল থেকে ফিরে তারা খেলতে বের হয়, এরপর দীর্ঘ সময় তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির কাছের একটি পুকুরপাড়ে ইউসুফের জুতা দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করেন এবং পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, দুই শিশু নিখোঁজের খবর পেয়ে স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।