নিজস্ব সংবাদদাতা
জনগণের প্রয়োজনে চলমান আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে ‘ঢাকা টু রংপুর লং মার্চ’ কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন।
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল সড়কে অনুষ্ঠিত এ পথসভায় শফিকুর রহমান জনগণকে তাঁদের পাশে থাকার আহ্বান জানান।
গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ বলেছিলেন। কিন্তু সরকার সেই রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে। এই অপমানের জবাব দিতেই তাঁরা রাজপথে নেমেছেন। তিনি বলেন, ‘জনগণের রায়ের বাস্তবায়ন ইনশা আল্লাহ এই বাংলার মাটিতে হবে। বিএনপি তা করতে বাধ্য হবে। পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’
শফিকুর রহমান দাবি করেন, তাঁরা কোনো দলীয় দাবিতে নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। তাঁর ভাষ্য, ঘরে ঘরে গ্যাস পৌঁছানো, শিল্পের চাকা সচল করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং পানির সংকট দূর করার দাবিতে এই লংমার্চ। একই সঙ্গে রাস্তাঘাট, হাটবাজার ও টেম্পু স্ট্যান্ডসহ সর্বত্র চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ গড়া, আধিপত্যবাদের বিরোধিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণের দাবিও এর সঙ্গে যুক্ত।
গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির নেতা অ্যাডভোকেট আলী নাসের খান, জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও নুরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হাফিজুর রহমান প্রমুখ।