গাজীপুর কণ্ঠ ডেস্ক
মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
গত আগস্ট মাসের শুরুতে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছিল। এতে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম হয় ১১০ টাকা। ওই সময় মিল্কভিটার ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধের (লো ফ্যাট) দাম পাঁচ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং আধা লিটার টোন্ড মিল্কের দামও পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।
এর দেড় মাসের মাথায় বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম বাড়াল। বাজারে আড়ং, প্রাণ, ফার্মফ্রেশসহ (আকিজ ডেইরি) কয়েকটি বেসরকারি কোম্পানি তরল দুধ বিক্রি করে। মূল্য বৃদ্ধির পরে এসব কোম্পানির প্রতি লিটার তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম হয়েছে ৫৫ টাকা।
তরল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিংসামগ্রী, গোখাদ্য, গ্যাস–বিদ্যুৎ খরচ প্রভৃতি ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে। এ কারণে তারা দাম সমন্বয় করেছে। এর আগে মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় তাদের ১১ থেকে সাড়ে ১১ টাকা খরচ বেড়েছে।
এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দামও ঊর্ধ্বমুখী। যেমন, চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় কোম্পানিগুলো। দীর্ঘ সময় ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকার আশপাশে।