১০ নম্বর জার্সিই হতে যাচ্ছে মেসির বিদায়ের প্রতীক

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসির শেষ অধ্যায়ও লেখা হবে সেই পরিচিত ১০ নম্বরেই।

১০ নম্বর জার্সিই হতে যাচ্ছে মেসির বিদায়ের প্রতীক

গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক 

একটি জার্সি, একটি নম্বর, আর তার সঙ্গে জড়িয়ে থাকা অগণিত স্মৃতি। ১০ নম্বর জার্সি মানেই যেন লিওনেল মেসি। সেই জার্সিতেই কখনো আনন্দে আকাশ ছুঁয়েছেন, কখনো হতাশায় মাঠ ছেড়েছেন। সেই জার্সিতেই আর্জেন্টিনার হয়ে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জিতেছেন। এবার সেই ১০ নম্বর জার্সিই হতে যাচ্ছে বিদায়ের প্রতীক।

আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচে যে বিশেষ ১০ নম্বর জার্সিটি পরবেন, সেটি উন্মোচন করেছেন মেসি। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে আর্জেন্টিনা অধিনায়ককে দেয়ালে সাজিয়ে রাখা নিজের পরিচিত বিশ্বকাপের জার্সিটি নামিয়ে তার জায়গায় নতুন স্মারক জার্সিটি তুলে রাখতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘আর একটি শেষ ম্যাচ… জীবনের জন্য একটি জার্সি।’

৩৯ বছর বয়সী মেসি আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচে প্রথম ও একমাত্রবারের মতো এই বিশেষ জার্সিটি পরবেন। অর্থাৎ, আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসির শেষ অধ্যায়ও লেখা হবে সেই পরিচিত ১০ নম্বরেই।

আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসি থাকবেন শুধু বিদায়ী ম্যাচটিতে।

মেসির শেষ ম্যাচকে আরও বিশেষ করে তুলতে বড় আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২২ বিশ্বকাপজয়ী পুরো দল ও তাদের পরিবারকে মনুমেন্টালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে মেসির শেষ ম্যাচটি শুধু বিদায়ের মুহূর্ত নয়, হয়ে উঠবে বিশ্বকাপজয়ী সেই সোনালি দলের পুনর্মিলনও।

যে সতীর্থদের সঙ্গে নিয়ে মেসি দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছিলেন, তারাই থাকবেন গ্যালারিতে। ২০২২ সালে কাতারে যে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে ধরেছিলেন, সেই মুহূর্তের সাক্ষী থাকা মানুষগুলো আবারও একসঙ্গে হবেন তাদের অধিনায়কের শেষ আন্তর্জাতিক ম্যাচে।

৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে তিনি দলটির সর্বোচ্চ গোলদাতা। তার অর্জনের মুকুটে রয়েছে ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা।

কত রাত, কত ম্যাচ, কত গোল, কত কান্না আর কত আনন্দের সাক্ষী এই ১০ নম্বর জার্সি। এবার সেটিই শেষবারের মতো উঠবে মেসির গায়ে। আর মাত্র একটি ম্যাচ। আর মাত্র একবার ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখর হবে মনুমেন্টাল। তারপর আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে চিরতরে থেমে যাবে আর্জেন্টিনার ১০ নম্বরের সেই গল্প।