গাজীপুর কণ্ঠ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া এবং পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
স্বজন ও স্থানীয়দের দাবি, এলাকার মাদক কারবারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার ওপর এই হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত প্রায় ১১টায় তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আবুল কালাম বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।
আবুল কালামের বাড়ি উত্তর মাসাবোতেই। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। স্বজনরা বলছেন, ছুটিতে বাড়ি এলে তিনি এলাকার মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেন।
তাদের ভাষ্য, সম্প্রতি স্থানীয় দুই ব্যক্তিকে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে তুলে দেন আবুল কালাম। ওই দুজন হলেন শাহাদাত ও এমদাদুল। এরপর শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।
তাদের দাবি, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে বের করে আনেন এবং একটি নির্জন বিলে নিয়ে যান। সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন আগে থেকেই অবস্থান করছিলেন। তাঁরা আবুল কালামকে মারধর করে হাত-পা ভেঙে দেন এবং পায়ের রগ কেটে ফেলেন বলে অভিযোগ।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।