সৌদিতে সেনা মোতায়েনের দ্বারপ্রান্তে তুরস্ক

পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি বিল পাস

সৌদিতে সেনা মোতায়েনের দ্বারপ্রান্তে তুরস্ক

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সৌদি আরব এবং পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। 

শুক্রবার (৬ নভেম্বর) এ নিয়ে ভোটাভুটি হয়। এতে মক্কা জোটে যোগ দেওয়ার বিলটি অনুমোদন পায়। আর এর মাধ্যমে তুরস্ক এখন সৌদিতে নিজেদের সেনাদের মোতায়েনের দ্বারপ্রান্তে আছে।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, মক্কা জোট বিলে তুরস্কের ২৭৯ জন এমপি হ্যাঁ ভোট দেন। অপরদিকে ১১৯ জন এমপি ভোটদানে বিরত থাকেন। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি এবং তাদের জোটের সবাই বিলটির পক্ষে ভোট দেন। এছাড়া বিরোধী দলও এতে সমর্থন জানায়।

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান এটি গ্যাজেট আকারে প্রকাশ করবেন। আর ওইদিন থেকেই বিলটি কার্যকর হবে।

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় এ তিনটি দেশ একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি তাদের কেউ সশস্ত্র হামলার শিকার হয় তাহলে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসবে।

গত আগস্টে পবিত্র নগরী মক্কায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের এরদোয়ান স্বশরীরে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষ করেন।

তুরস্কের পার্লামেন্ট এমন সময় বিলটি পাস করল, যখন সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রায় প্রতিদিনের হামলার কবলে পড়েছে।

চুক্তির আওতায় সৌদিকে রক্ষায় এখন দেশটিতে যাবেন তার্কিস সেনারা। তবে তারা হয়ত সরাসরি ইয়েমেনে প্রবেশ করে কোনো স্থল হামলায় অংশ নেবেন না। এর বদলে সৌদিতে থেকেই সৌদির ভূখণ্ড রক্ষার কাজ করবেন তারা।

সূত্র: মিডেল ইস্ট আই