পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

পূবাইলে ঢাকা বাইপাস মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, রবিবার দিবাগত মধ্যরাতে মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুজুকা বেগম (৩০) ও তার মেয়ে ইয়ামনি। রুজুকা শেরপুরের শ্রীবরদী উপজেলার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। তারা গাজীপুর মহানগরীর সালনা বাজার এলাকায় মোস্তফা নামে একজনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গাড়ির ধাক্কার পর গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। শিশু ইয়ামনিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত তিনটার দিকে তারও মৃত্যু হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। গাড়িটির পরিচয় এখনো জানা যায়নি। দুজনের মরদেহ হাসপাতালেই রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।