গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের কারণে ইসরায়েল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এক শ্রেণিবদ্ধ মূল্যায়ন।
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা তথ্যের মূল ধারণাকে চ্যালেঞ্জ করার দায়িত্বে নিয়োজিত সিআইএর বিশেষ ইউনিট ‘রেড সেল’ গত আগস্ট মাসে ‘ফ্র্যাকচার ফ্রম উইন’ শিরোনামে এই গোপনীয় মূল্যায়ন প্রতিবেদনটি তৈরি করে।
বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে আগে ইসরায়েল এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি। দেশটির ওপর অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি, আল্ট্রা-অর্থোডক্স (গোঁড়া অর্থোডক্স) ইহুদিদের বাধ্যতামূলক সামরিকসেবা থেকে অব্যাহতি দেওয়া নিয়ে ক্ষোভ এবং দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের ক্রমবর্ধমান সহিংসতা এই অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে।
এছাড়া, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার লড়াইকে দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনার আরেকটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজা, লেবানন ও ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে বিদ্যমান অভ্যন্তরীণ বিভাজন আরও গভীর হয়েছে। দীর্ঘ মেয়াদে যুদ্ধে অংশ নিয়ে ফিরে আসা অনেক ইসরায়েলি সেনাই গুরুতর মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন।
বিশেষ করে, অতিরিক্ত রিজার্ভ সেনাকে বার বার তলব করার কারণে আল্ট্রা-অর্থোডক্স পুরুষদের সেনা খাত থেকে ছাড় দেওয়ার বিষয়টি বর্তমানে ইসরায়েলে অন্যতম তীব্র অভ্যন্তরীণ অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন হ্রাস এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমশ একঘরে হয়ে পড়া ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছে সিআইএ।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি