ঢাকা ও গাজীপুরের সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে আইনি নোটিশ

জনস্বার্থে সড়কে অবৈধভাবে পণ্য বিক্রির কাজে ব্যবহৃত ভ্যান, রিকশা ও ঠেলাগাড়ি সরানো এবং তা ঠেকানোর কথাও বলা হয়েছে নোটিশে।

ঢাকা ও গাজীপুরের সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে আইনি নোটিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হাসান রাকিব বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই নোটিশ পাঠান।

নোটিশের প্রাপকদের মধ্যে আছেন স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্রসচিব, তিন সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা ও গাজীপুরের পুলিশ কমিশনার।

নোটিশে বলা হয়েছে, প্রধান সড়ক, সড়কের সংযোগস্থল, ফুটপাত, বাজার এলাকা, স্কুল ও হাসপাতালসংলগ্ন এলাকা, বাসস্টপসহ জনসাধারণের চলাচলের জায়গায় যেখানে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত দখলমুক্ত করতে হবে।

জনস্বার্থে সড়কে অবৈধভাবে পণ্য বিক্রির কাজে ব্যবহৃত ভ্যান, রিকশা ও ঠেলাগাড়ি সরানো এবং তা ঠেকানোর কথাও বলা হয়েছে নোটিশে।

উচ্ছেদের পর কেউ আবার দখলে ফিরলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।