জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

কমিটি গঠন নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে কিছুদিন ধরে মতবিরোধ চলছিল।

জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কুমিল্লা মহানগরে জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দলটির মহানগর সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে নগরের গাংচর এলাকায় ফারুকী হাউসে জামায়াতের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মহানগর জামায়াতের আসন্ন কমিটি গঠন নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। তবে সেই বিরোধের সঙ্গে গাড়ি ভাঙচুরের ঘটনার সরাসরি যোগ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদ মাধ্যমকে বলেছেন, জামায়াতের পদ নিয়ে দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে বলে তারা জেনেছেন।

ওসি জানান, একটি মামলার সাক্ষ্য দিতে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন এবং এখন ফিরছেন। কুমিল্লায় থাকা তার একজন সহকর্মী তাকে বিষয়টি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জামায়াতের কার্যালয়ের সামনে উপস্থিত একাধিক নেতা কথা বলতে রাজি হননি।