গাজীপুর কণ্ঠ ডেস্ক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ১৩টি এবং রবিবার (১৫ নভেম্বর) সকালে আরও ১৬টি কারখানার কর্তৃপক্ষ ছুটির সিদ্ধান্ত জানায়।
রবিবার (১৫ নভেম্বর) সকালে কাজে এসে কারখানার ফটকে নোটিশ দেখে অনেক শ্রমিক ফিরে যান। কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজ হবে কি না, সে বিষয়ে কিছু জানতে পারেননি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন সংবাদ মাধ্যমকে বলেছেন, রবিবার সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “শনিবার রাতে ১৩টি কারখানা জানিয়েছিল, রবিবার থেকে তারা বন্ধ থাকবে। সকালে আরও ১৬টি কারখানা ছুটি ঘোষণা করেছে।”

বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গাজীপুরে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পোশাক কারখানা মালিকদের দুটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, কোনো কারখানায় অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকেরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। তাঁর ভাষায়, এটি “কঠিন অথচ অনিবার্য” সিদ্ধান্ত।
তিনি জানান, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ওই ধারায় বলা আছে, বেআইনি ধর্মঘটের কারণে মালিক কোনো প্রতিষ্ঠান বা তার কোনো শাখা বা বিভাগ আংশিক বা সম্পূর্ণ বন্ধ করতে পারেন। সে ক্ষেত্রে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
গত মাসের শেষ দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। ঢাকার মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে এই আন্দোলন একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। এতে একজন শ্রমিক প্রাণ হারান।
শনিবারও কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এর জেরে আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি কারখানা শনিবার বন্ধ রাখেন মালিকেরা। আরও সাতটি কারখানায় একদিনের ছুটি দেওয়া হয়।

শ্রমিক অসন্তোষের মধ্যেই ১ নভেম্বর সরকার পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। বোর্ডের তৃতীয় বৈঠক আগামী সোমবার হওয়ার কথা রয়েছে।