ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে আলাদা কর্মসূচির নির্দেশ, কর্মসূচি ‘পাল্টা’ হবে না বলে জানাচ্ছে সূত্র

ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন জায়গায় সক্রিয় হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।

দলটির একাধিক সূত্র সংবাদমাধ্যমে বলেছে, রবিবার (১৫ নভেম্বর) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সূত্রগুলো বলছে, বৈঠকে দল এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা ছিলেন।

বিএনপির দিক থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং পাঁচ যুগ্ম মহাসচিব: শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম। তিন অঙ্গসংগঠনের নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিবদেরও বৈঠকে ডাকা হয়েছিল।

বৈঠকের তথ্য জানা এই সূত্রগুলোর ভাষ্য, তারেক রহমান দল ও তিন অঙ্গসংগঠনকে আলাদা আলাদা কর্মসূচি তৈরি করে মাঠে নামতে বলেছেন। প্রতিটি সংগঠন নিজেদের উদ্যোগে কর্মসূচি ঘোষণা করবে। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্রগুলো যেসব কর্মসূচির পরিকল্পনার কথা বলছে, তার মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক আয়োজন।

নির্দেশনার একটি অংশ ছিল কী করা যাবে না, তা নিয়ে। সূত্র বলছে, এসব কর্মসূচি অন্য কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। অতীতে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি ঠেকানোর যে চেষ্টা করত, বিএনপি সেই পথেও হাঁটবে না।

দীর্ঘদিন বিরোধী দলে থেকে আন্দোলন করার পর ক্ষমতায় এসেছে বিএনপি। এখন ক্ষমতায় থেকে দল ও সহযোগী সংগঠনকে সক্রিয় রাখতে চায় তারা। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের মাঠে রাখাই শীর্ষ নেতৃত্বের লক্ষ্য বলে সূত্র জানিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।