ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করার কথা জানাল পুলিশ

নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি বেড়েছে, চট্টগ্রামে এক এসপি রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার

ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করার কথা জানাল পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারির পাশাপাশি অনলাইনেও কড়া পর্যবেক্ষণ চলছে।

রবিবার (১৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা সংবাদ মাধ্যমকে এ কথা জানান।

পুলিশ সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ভেতরে ও বাইরে থেকে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে, সেগুলোর উৎস শনাক্ত করার কাজ চলছে। বিশেষ করে পুরোনো ভিডিও নতুন করে প্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো ভুয়া ভিডিওর বিষয়ে পুলিশ সতর্ক।

কামারুম মুনিরা সাধারণ মানুষকে এ ধরনের কনটেন্ট নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে, কিংবা তাদের হয়ে অন্য কেউ, ডিসেম্বরকে ঘিরে উসকানিমূলক বক্তব্য বা প্রচারণা চালাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করছে এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে বলে জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি ঢাকাসহ দেশের নানা স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

১০ নভেম্বর পুলিশ সদর দপ্তর জানায়, তার আগের তিন দিনে সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই সব ঘটনায় ১১টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ২৯ জন।

এই প্রেক্ষাপটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সেখানে সাম্প্রতিক নাশকতার ঘটনা, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী দিনের নিরাপত্তা-প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এর মধ্যে শনিবার চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে এসপি হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রের দাবি, জাহাংগীর আলমের ব্যবহৃত দুটি ফোনেই, একটি ব্যক্তিগত ও অন্যটি সরকারি, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও তথ্য বিনিময়ের অভিযোগের নজির পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ অভিযোগ নিয়ে জাহাংগীর আলমের নিজের বক্তব্য এখনো জানা যায়নি।