বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ইরানের ড্রোন হামলা

হরমুজে মাইনে সুপারট্যাংকার ডোবার দাবি, ইয়েমেনে আদেনের দিকে এগোচ্ছে হুতিরা

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ইরানের ড্রোন হামলা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা যখন প্রায় থমকে আছে, তখন বাহরাইনে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। এতে সংঘাত নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



ইরান বলছে, ইরানের ভেতরে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। রোববার হামলার সময় বাহরাইন জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে। এটিকে তারা যুক্তরাষ্ট্রের ‘বৈরী পদক্ষেপের’ জবাব বলে বর্ণনা করেছে।

বাহরাইনের কর্তৃপক্ষের ভাষ্য, ড্রোনগুলো লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো প্রতিহত করেছে। হামলার সময় সতর্কসংকেত বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

বাহরাইনের ৬৫ বছর বয়সী বাসিন্দা হায়াত ইবরাহিম এএফপিকে বলেন, এমন হামলা আবার শুরু হোক, এটা তিনি চাননি। উদ্বেগ আর অনিশ্চয়তার দিনগুলো ফিরে আসায় তিনি হতাশ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ‘ন্যক্কারজনক আগ্রাসন’ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেছে। বিবৃতিতে তারা বাহরাইনের ওপর হামলার পক্ষে ইরানের দেওয়া ‘খোঁড়া অজুহাত ও ভিত্তিহীন দাবি’ প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় আরও বলেছে, পুরোনো হিসাব মেটানোর ময়দান হিসেবে বাহরাইনকে ব্যবহার করা চলবে না, আর এসব হামলার পরিণতির দায় পুরোপুরি ইরানের। জর্ডান, মিসর, সৌদি আরব ও কাতারও হামলার নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশ সামরিক আগ্রাসন চালালে ইরান জবাব দিয়েই যাবে। আলোচনা আটকে থাকার প্রেক্ষাপটে এ হামলা ইরানের কৌশল বদলের ইঙ্গিত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান ‘কারও জন্য অপেক্ষা করছে না’ এবং নিজের নিরাপত্তায়ই মনোযোগী।

বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, সর্বশেষ হামলা ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন মার্কিন আক্রমণের জবাবে সমানুপাতিক প্রতিশোধের পথে হাঁটছে। এ নিয়ে অবশ্য ইরানের তরফে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা নেই।

সেপ্টেম্বর পর্যন্ত ইরান বারবার বাহরাইনকে লক্ষ্যবস্তু করেছিল। এরপর কিছুদিন হামলা বন্ধ ছিল। সেই বিরতি ভাঙে গত শুক্রবার, যখন একটি মার্কিন রাডার স্থাপনায় ড্রোন হামলা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তখন জানায়, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং কেউ আহত বা কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একাধিক বড় ঘাঁটি আছে। এর মধ্যে একটি অগ্রবর্তী ঘাঁটি মার্কিন পঞ্চম নৌবহর ও নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের একটি প্রধান সহায়তা-ঘাঁটি এটি।

ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ সংঘাতের সূচনা। তারপর থেকে পরিস্থিতি অচলাবস্থায়। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রেখেছে, আর ইরান হরমুজ প্রণালির ওপর নিজের নিয়ন্ত্রণ ছাড়েনি।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালির কেশম দ্বীপও রয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলোকে ‘সীমিত মাত্রার’ হামলা বলে উল্লেখ করেন। তাঁর দাবি, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো তাঁকে বড় আকারের যুদ্ধ-অভিযানের বিরুদ্ধে সতর্ক করেছে।

একই সময়ে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা ওয়াশিংটন আপাতত ছেড়ে দিয়েছে। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাটদের শাসনাধীন শহর ও অঙ্গরাজ্যগুলোর কথিত দুর্নীতি ও জালিয়াতির দিকে নজর দিতে বলেছেন।

ভ্যান্স অবশ্য এ যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে বলে মনে করেন। তিনি শান্তির শর্ত নিয়ে আলোচনার জন্য ইরানি আলোচকদের সঙ্গে সরাসরি বৈঠকের অনুরোধও করেছিলেন।

এর মধ্যে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী, জাহাজ দুটিতে ‘বিশাল বিস্ফোরণ ও আগুন’ ধরে যায়। একটি ছিল ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাংকার, সেটি ডুবে গেছে বলে দাবি করা হয়েছে।

এ খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে।

ইয়েমেনেও পরিস্থিতি জটিল হচ্ছে। ইরানের মিত্র হুতিরা দেশটির দক্ষিণে সরকারপন্থী বাহিনীর বিরুদ্ধে এগিয়ে গেছে। এতে বন্দরনগর আদেনের দিকে যাওয়ার একটি সম্ভাব্য পথ খুলে গেছে।

সরকারের পক্ষে লড়াই করা প্রধান বাহিনী ‘সাউদার্ন আর্মড ফোর্সেস’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাইজ প্রদেশের পশ্চিমে দুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে বাহিনী ‘পুনর্মোতায়েন’ করছে। কার্যত এর মানে, বাহিনীটি সেসব এলাকা ছেড়ে আদেন রক্ষায় সরে এসেছে।

এই পিছু হটাকে লোহিত সাগরের মুখ থেকে হুতিদের সরিয়ে একটি গুরুত্বপূর্ণ তেলপথ নিরাপদ করার জন্য ছয় সপ্তাহের সরকারি পাল্টা অভিযানের আপাত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এতে সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানও ধাক্কা খেয়েছে।

সামরিক ও সরকারি সূত্র উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, আদেনের কাছে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।