চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা গ্রেপ্তার, অভিযোগ ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’

চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা গ্রেপ্তার, অভিযোগ ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’

গাজীপুর কণ্ঠ ডেস্ক

চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্যমে “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে” জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার হওয়া জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। 

শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী সংবাদ মাধ্যমকে জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনটির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছিল। এ সময় তার সরকারি ও ব্যক্তিগত, দুটি ফোনই জব্দ করা হয়।

পরে সরকারি চাকরির বিধিমালা অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়। এরপর শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে বুধবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে এবং তদন্তের স্বার্থে তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।