রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীরের চার দিনের রিমান্ড

তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীরের চার দিনের রিমান্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলায় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

মামলার আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।