কালীগঞ্জে নদীতে নেমে নিখোঁজ যুবকের লাশ মিলল একদিন পর

স্থানীয় কয়েকজনের অভিযোগ, কেউ ওসমান গনিকে ধাওয়া করেছিল। প্রাণ বাঁচাতে নৌকা দিয়ে পালানোর সময় তিনি নদীতে ঝাঁপ দেন, এতেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জে নদীতে নেমে নিখোঁজ যুবকের লাশ মিলল একদিন পর

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওসমান গনি (৩৫) নামের মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পায়ে শেকল বাঁধা অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চলন্ত নৌকা থেকে নদীতে নেমে তিনি নিখোঁজ হয়েছিল। 

রবিবার (১৫ নভেম্বর) দুপুর একটার দিকে বাশাইর বাজার খেয়াঘাটের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ তুলে আনে।

নিহত ওসমান গনি বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওসমান গনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার পায়ে শেকল পরানো থাকত। শনিবার দুপুরে নৌকায় থাকা অবস্থায় তিনি হঠাৎ নদীর মাঝখানে পানিতে নেমে পড়েন এবং নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকালে নদীতে তল্লাশি চালায়, কিন্তু তার সন্ধান পায়নি। রাতে অন্ধকারের কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। রবিবার আবার তল্লাশি শুরু হলে দুপুরে লাশ পাওয়া যায়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, পেছন থেকে কেউ ওসমান গনিকে ধাওয়া করেছিল। প্রাণ বাঁচাতে নৌকা দিয়ে পালানোর সময় তিনি নদীতে ঝাঁপ দেন, এতেই তার মৃত্যু হয়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন বলেন, লাশ উদ্ধারের পর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।