বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় বাসার ভাড়াটিয়া স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বলছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে এ এলাকায় থেকে মাদক কারবার চালিয়ে আসছিলেন।
জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এস এম শফিকুল ইসলাম রবিবার সাংবাদিকদের জানান, গোপন তথ্য পেয়ে শনিবার মধ্যরাতে গাছা থানার কলমেশ্বর আক্কাস মার্কেট এলাকায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ।
তার ভাষ্য, ওই বাসা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেখানেই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের নাম মো. আলী হোসেন ওরফে রজব (৪৪) ও মোছা. সাবিনা বেগম (৩৮)। তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার খাজিরাথাক গ্রামে।
আক্কাস মার্কেট এলাকায় ফরমান আলী নামে একজনের বাড়ির চার তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তারা।
উপ-পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় গাছা থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে শফিকুল ইসলাম বলেন, ওই দম্পতি অনেক দিন ধরে গাজীপুর মহানগরে ভাড়াটিয়া হিসেবে থেকে মাদক ব্যবসা চালাচ্ছিলেন।