গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের পর অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে পঞ্চাশটিরও বেশি কারখানা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
স্থানীয় সূত্র অনুযায়ী, মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকাতেও কয়েকটি কারখানার শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশ সেখান থেকেও তাদের সরিয়ে দেয়।

অপরদিকে শ্রীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। শিল্প পুলিশ তাদের সরিয়ে দেয়। এতে প্রায় ২০ মিনিট ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে ১০টি কারখানায় আজ ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আরও অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন জায়গায় এখনো ছড়িয়ে-ছিটিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ মাঠে রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স ও ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে। তারা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।