গাজীপুর কণ্ঠ ডেস্ক
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। আগুনে পুলিশের গাড়িসহ মোট ১০টি যানবাহন পুড়ে গেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যার পর থেকে থানা ভবনে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা হাতে একদল লোক থানায় ঢুকে ভাঙচুর চালান এবং পরে ভবনে আগুন ধরিয়ে দেন। থানা প্রাঙ্গণে থাকা পুলিশের সরকারি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনও আগুনে পুড়ে যায়।
এ ঘটনা নিয়ে পুলিশ বা স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করার পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই মুকসুদপুরের এ ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
এর আগে মঙ্গলবার একই জেলার টুঙ্গিপাড়া থানাতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা হাতে লোকজন থানা ঘেরাও করেন বলে জানা গেছে।
স্থানীয়দের বর্ণনায়, সন্ধ্যার পর মাইকিং করে লোকজন জড়ো করা হয়। এরপর থানা চত্বরের কয়েকটি গাড়ি ও ভবনে আগুন দেওয়া হয়। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে পুলিশের গাড়ি ও মালামালেও আগুন ধরিয়ে দেন। এতে থানার নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। হামলার সময় গ্রেপ্তার হওয়া কয়েকজন নেতা-কর্মীকে থানা থেকে ছিনিয়ে নেওয়া হয় বলেও জানা গেছে।