দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি নিরাপত্তা

বিমানবন্দরের যে অংশে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে, অর্থাৎ ল্যান্ডসাইডে, টহল ও নজরদারিও বাড়ছে।

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি নিরাপত্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনার পর দেশের সবগুলো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক এ বিষয়ে বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।

বেবিচকের সূত্রগুলো জানিয়েছে, বুধবার এ নির্দেশনা পাঠানো হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত।

নতুন নির্দেশনায় যাত্রী ও যানবাহনের ওপর কড়াকড়ির কথা বলা হয়েছে। বিমানবন্দরে ঢোকা ও বের হওয়ার পথে তল্লাশি বাড়ানো হচ্ছে।

বিমানবন্দরের যে অংশে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে, অর্থাৎ ল্যান্ডসাইডে, টহল ও নজরদারিও বাড়ছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ দায়িত্ব মূলত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। তাদের টহল বাড়াতে ও গাড়ি তল্লাশি করতে বলা হয়েছে। বিমানবন্দর থানা পুলিশকেও আশপাশের এলাকায় টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব বিমানবন্দরে রাতে কোনো ফ্লাইট ওঠানামা করে না, সেগুলোতেও রাতের নজরদারি বন্ধ না রাখার কথা বলা হয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ল্যান্ডসাইডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ক্যামেরা বসানোর পরিকল্পনাও চলছে। এ নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশ ইতোমধ্যে যে এআই ক্যামেরা ব্যবহার করছে, তার আওতায় বিমানবন্দর এলাকাও আনার চিন্তা আছে। এপিবিএনও আলাদাভাবে নিজেদের ক্যামেরা বসাতে চাইছে।