গাজীপুরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রল নিক্ষেপ

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রল নিক্ষেপ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্রের ভেতরে পেট্রল ছুড়ে আগুন ধরানোর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে প্রাঙ্গণে রাখা পুরোনো কাঠের স্তূপ পুড়ে গেছে।

বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে গাজীপুর নগরীর ভূরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কারা এর পেছনে, তা এখনো জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি এবং ট্রান্সফরমারের কাঠের বাক্সসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিরূপণ করা হয়নি।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, অফিস এলাকার বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রল ছোড়া হয়েছিল। এরপরই সেখানে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলবে।