কালীগঞ্জের সাত ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি

বর্তমানে কালীগঞ্জের এই সাত ইউনিয়নের মধ্যে তুমুলিয়া ও বাহাদুরসাদীতে দায়িত্বে আছেন আওয়ামী লীগের দুই নেতা।

কালীগঞ্জের সাত ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে ভোট হবে। 

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। 

কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন তালিকায় স্বাক্ষর করেছেন। 

দ্বিতীয় ধাপের এই তালিকায় কালীগঞ্জের যে সাতটি ইউনিয়ন রয়েছে, সেগুলো হলো জাঙ্গালিয়া, বক্তারপুর, তুমুলিয়া, মোক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী ও নাগরী।

এর আগে ১৬ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৪তম সভায় পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হয়। ওই সভায় দ্বিতীয় ধাপের ভোটের তারিখও ৪ ফেব্রুয়ারি ঠিক করা হয়।

বর্তমানে কালীগঞ্জের এই সাত ইউনিয়নের মধ্যে তুমুলিয়া ও বাহাদুরসাদীতে দায়িত্বে আছেন আওয়ামী লীগের দুই নেতা। তুমুলিয়ায় আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর বাক্কু এবং বাহাদুরসাদীতে শাহাবুদ্দিন আহমেদ। জামালপুর ইউনিয়নের দায়িত্বে আছেন খাইরুল আলম। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।

মোক্তারপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আইয়ুব বাগমার। নাগরীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন সংরক্ষিত আসনের সদস্য কোহিনূর বেগম, বক্তারপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন সংরক্ষিত আসনের সদস্য শিখা বেগম। জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে আছেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ।