রয়টার্স
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তার মুখপাত্র। দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর এই প্রথম তিনি ফেরার নির্দিষ্ট তারিখ জানালেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ কথা জানান। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অবসান ঘটেছিল এই দিনে, যা দেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়।
মোজাম্মেল আলীর ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি বিমানেই ভারতে নেওয়া হয়েছিল। সেজন্য এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার আকাশপথের ব্যবস্থাও সরকারেরই করে দেওয়া উচিত। তিনি বলেন, তাকে “সংবিধানের পরিপন্থী” উপায়ে নির্বাসনে পাঠানো হয়েছিল, তাই ফেরা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
হাসিনা সরকারের পতনের মাসকয়েক পর তার পাসপোর্টসহ বিভিন্ন নথি বাতিল করা হয়েছিল। এ মাসের শুরুতে তিনি সেগুলো নতুন করে পাওয়ার চেষ্টা শুরু করেন।
রয়টার্স বলছে, এরপর থেকে দেশে সহিংসতা বেড়েছে। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ থাকায় তার ফেরার ঘোষণায় রাজনৈতিক ও আইনি টানাপোড়েন আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
বক্তব্যের জন্য সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। তবে রবিবার একজন মন্ত্রী রয়টার্সকে জানান, দেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তার ভাষ্য অনুযায়ী, হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।
২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান দমনে সহিংসতায় জাতিসংঘের হিসাবে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন।