দুর্নীতিবাজ-অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেলে ম্যারিয়ট মারকুইজ হোটেলে তাঁর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যদি কেউ অসৎ পথে অর্থ উপার্জন করে, এই অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা অসৎ উপায় ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সে যে-ই হোক না কেন, আমার দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে না।’

শেখ হাসিনা বলেন, সমাজে অসৎ পথে অর্থ উপার্জনের হার বেড়ে গেলে যেসব ব্যক্তি বা তাঁদের সন্তানেরা সৎ পথে জীবন নির্বাহ করতে চান, তাঁদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী বলেন, সৎভাবে চলতে গেলে একজনকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়। আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্র্যান্ড–ওই ব্র্যান্ড, এটা-সেটা, হইচই, খুব দেখানো যায়। ফলাফলটা এই দাঁড়ায়, একজন অসৎ মানুষের দৌরাত্ম্যে যাঁরা সৎ জীবন যাপন করতে চান, তাঁদের জীবনযাত্রাটাই কঠিন হয়ে পড়ে।

শেখ হাসিনা বলেন, সৎ মানুষের ছেলেমেয়েদের মনে সহসাই একটা প্রশ্ন আসতে পারে যে কেন তাঁদের পরিবার বিলাসবহুল জীবন যাপন করতে পারে না। বাস্তবিকভাবেই এই চিন্তা লোকজনকে অসৎ পথে ঠেলে দেয়।

উন্নয়ন প্রকল্পগুলোর অনিয়মের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘সরকার উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ আরও বেশি উন্নত হতে পারত, যদি প্রকল্পের প্রতিটি টাকা যথাযথভাবে ব্যয় করা হতো। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোথায় ফাঁকফোকর রয়েছে, কারা এই কাজগুলো করছে এবং কীভাবে করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটা জিনিস আমি দেখতে বলে দিয়েছি, সেটা হলো কার আয়-উপার্জন কত? কীভাবে জীবন যাপন করে? সেগুলো আমাদের বের করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘তাহলে আমরা সমাজ থেকে এই ব্যাধি, একটা অসম প্রতিযোগিতার হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে পারব, আগামী প্রজন্মকে রক্ষা করতে পারব।’

দুর্নীতির পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মাদক একটা পরিবার ধ্বংস করে, একটা দেশ ধ্বংস করে। এর সঙ্গে কারা আছে, সেটাও আমরা খুঁজে বের করব।’

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে তাঁর সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আরও উন্নয়নের জন্য প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছি, আপনারা সেখানেও বিনিয়োগ করতে পারেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button