চান্দনা চৌরাস্তায় ‘ফাঁকা গুলি ছু‌ড়ে’ এক ব্যবসায়ীর কাছ থে‌কে ১৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছিনতাইকারীরা চক্রের সদস্যরা ‘ফাঁকা গুলি ছু‌ড়ে আতংক সৃষ্টি করে’ এক ব্যবসায়ীর কাছ থে‌কে ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন অভিযোগ উঠেছে।

রোববার (২৯ সে‌প্টেম্বর) বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম নূরুল হক রতন। তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘জাপান ট্যোবাকো’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক।

এ সময় ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নূরুল হক রতন ও কর্মচারী ‌মো. সোহেল আহত হয়েছেন।

ব্যবসায়ী নূরুল হক রতন জানান, চান্দনা চৌরাস্তায় অফিস থে‌কে হেঁটে তি‌নি ছয় কর্মচারীকে স‌ঙ্গে নি‌য়ে ১৬ লাখ ৪১ হাজার টাকা জমা দি‌তে চান্দনা চৌরাস্তা একটি ব্যাংক যা‌চ্ছি‌লেন। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে ৫ থেকে ৬ জন ছিনতাইকারী লাঠিসোটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় তিনি ও তার কর্মচারী সোহেল আহত হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছু‌ড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে জয়দেবপুরের দিকে পা‌লি‌য়ে যায়।

জিএমপি’র বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের আটক করতে পুলিশের অভিযান চলছে।।