কালিয়াকৈরে ‘মাদকসহ আটক করে টাকাও নিল চালানও দিল’ পুলিশ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের আন্দারমানিক এলাকা থেকে বুধবার রাতে মাদকসহ আটক হন আনোয়ার হোসেন, নাসির উদ্দিন ও শাজাহান।

পরে শাজাহানের স্ত্রী এবং আনোয়ারের ভাই জয়নাল আটকদের ছেড়ে দেওয়ার জন্য কালিয়াকৈর থানার এসআই আনোয়ার হোসেনকে ২৬ হাজার টাকা ঘুষ দেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া ওই পুলিশ কর্মকর্তার পরিচয়ে পারভেজ ওরফে রানা শুক্রবার সকালে আনোয়ারের মায়ের কাছ থেকে ২৮ হাজার টাকা নেন। এ ঘটনায় বুধবার রাতেই শাজাহানকে মামলার সাক্ষী করে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আর আনোয়ার হোসেন ও নাছিরকে ৩০ পিস ইয়াবা দিয়ে মাদক মামলায় চালান দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা গাজীপুর জেলহাজতে আছেন।

আনোয়ারের মা আনোয়ারা বেগম বলেন, টাকা নিয়ে শাজাহানকে ছাড়লেও পুলিশ আনোয়ার ও নাছিরকে ছাড়েনি। আমার ছেলে মাদক খেলেও নাছির নীরিহ। পুলিশ টাকা নিয়েও কেন মামলা দিল? আবার শাজাহানকে কেন ছেড়ে দিল?

আনোয়ারের ভাই জয়নাল বলেন, ‘বুধবার রাতে কালিয়াকৈর থানার এসআই আনোয়ার স্যার মামার বাড়ি থেকে শাজাহান, নাসির ও আমার ভাই আনোয়ারকে আটক করে। এ সময় আমার ভাইয়ের কাছে থাকা নগদ টাকা ও প্রায় দুই-তিন শ পিন ইয়াবা উদ্ধার করে। পরে রাতে আনসার একাডেমির সামনে থেকে আসামিদের ছেড়ে দেওয়ার কথা বলে ২৬ হাজার টাকা ও পরের দিন ২৮ হাজার টাকা নেন। পরে শাজাহানকে ছেড়ে দেন। টাকা নিয়েও আনোয়ার ও নাছিরকে মাদক মামলায় জেলহাজতে পাঠান। ৩০ পিস ইয়াবা দিয়ে মামলা দিলেও বাকি ইয়াবার কোনো খবর নেই।’

অভিযুক্ত কালিয়াকৈর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ‘আমি নিয়ম অনুযায়ী আসামি ধরেছি, আবার চালান দিয়েছি। শাজাহান বাড়ির মালিক, তাই তাঁকে মামলায় সাক্ষী করে ছেড়ে দেওয়া হয়।’ ঘুষের বিষয়ে তিনি বলেন, ‘কে বলেছে টাকা নিয়েছি। বাদ দেন তো ভাই ওসব মিথ্যা। আমি আপনাদের সঙ্গে দেখা করব।’

 

সূত্র: কালের কণ্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button