মসজিদে হামলা নস্যাৎ, ইতালিতে গ্রেপ্তার ২ খ্রিস্টান ‘জঙ্গি’
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মসজিদে নামাজরত অবস্থায় মুসলমানদের উপর ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইতালির পুলিশ। হামলার লক্ষ্যে দেশটির খ্রিস্টান উগ্রপন্থী ফার রাইট গ্রুপের মজুদ করা বিপুল অস্ত্র, বোমা ও ডেটোনেটর উদ্ধার করার পর এ তথ্য জানায় পুলিশ।
গত ১২ নভেম্বর, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুই খ্রিস্টান ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করে ইতালি পুলিশ। তারা জানায়, দেশটির রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়েনা এলাকায় মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করেছিলো তারা।
গ্রেপ্তার খ্রিস্টান ‘জঙ্গিদের’ কাছ থেকে বিপুল অস্ত্র, বোমা ও ডেটোনেটর উদ্ধার করা হয়। ওই খ্রিস্টান ‘জঙ্গিদের’ পরিকল্পনা ছিলো, নামাজের সময় পুরো মসজিদ উড়িয়ে দেয়া হবে। তাদের এই ভয়াবহ হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় ভয়ানক এক বিপদ থেকে রক্ষা পেল ইতালির মুসলমানরা।
দেশটির পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে ফ্লোরেন্স ও সিয়েনা এলাকায় পুলিশের বিশেষ ইউনিটের অভিযান পরিচালিত হয়। এসময় ফার রাইট গ্রুপের দুই খ্রিস্টান ‘জঙ্গি’ গ্রেপ্তার হয়।
এ হামলার পরিকল্পনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে আরো অন্তত ১০ ব্যক্তি। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ।



