টঙ্গীর লামিশা স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর ভাদাম এলাকায় এ্যানন টেক্স গ্রুপের লামিশা স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ওই স্পিনিং মিলের টিনশেড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ ও স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৪টার দিকে লামিশা স্পিনিং মিলের টিনশেড ভবনে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কারখানার লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। টঙ্গী, ঢাকার কুর্মিটোলা, উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের ১১টি ইউনিটের কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এ ব্যাপারে অ্যাননটেক্স গ্রুপের পরিচালক মো. ফেরদৌস হোসেন বলেন, বিকেলে স্পিনিং সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন স্পিনিং সেকশনে থাকা সুতা, মেশিন ও আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে কারখানার প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান তিনি।



