টঙ্গীতে গণপিটুনীতে ‘কথিত পুলিশের সোর্স’ নিহত
বিশেষ প্রতিনিধি : মহানগরের টঙ্গীর চানকির টেক এলাকায় গণপিটুনীতে ‘কথিত পুলিশের এক সোর্স’ নিহত হয়েছে।
রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সেলিম মিয়া (৩৫)। সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেসনাল এলাকার মৃত: আবুল কাসেমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন জানান, নিহত সেলিম পুলিশের সোর্স হিসেবে এলাকায় পরিচিত ছিল। তাকে শনিবার দিবাগত রাত ৩টায় ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। পরে গণপিটুনীতে ভোর রাতে তার মৃত্যু হয়।
নিহত সেলিম টঙ্গীর এরশাদ নগর পুর্নবাসন এলাকার ৪ নম্বর ব্লকে সপরিবারে থাকতেন।
স্থানীয়রা জানান, সেলিমের বিরুদ্ধে এরশাদনগরসহ টঙ্গীর বিভিন্ন বাসাবাড়িতে গ্রীলকেটে ও তালা ভেঙ্গে চুরির অভিযোগ রয়েছে। রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে সে চানকিরটেক এলাকায় গ্রীলকেটে চুরি করতে গেলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং গণপিটুনী দেয়। একপর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে রাখলে ভোর ৫টার দিকে সে মারা যায়।
নিহতের স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী চোর নয়। সে রাতে ৫০০টাকা নিয়ে একজন সোর্সের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। তাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমান আলী, জীবন দাস ও সোহেল বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। পিটুনির একপর্যায়ে সে পানি খেতে চাইলে তাকে পানিও দেয়া হয়নি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নিহত সেলিম সোর্স পরিচয়ে আকাম-কুকাম করে বেড়াত, সে লোক সুবিধার না। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।



