শ্রীপুরে ড্রাম ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত শিশুসহ ৩
গাজীপুর কণ্ঠ : শ্রীপুরে ড্রাম ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ একজন নিহত ও গুরুতর আহত আছেন আরো তিনজন।
বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে বরমীর সোহাদিয়া গ্রামে সাতখামাইর-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বতু মিয়া (৬০)। আহতরা হলেন, সাদিয়া আক্তার(১৪), তানিয়া আক্তার(১৮) ও মোহাম্মদ মাহিন (আড়াই বছর)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা কাওরাইদ থেকে যাত্রী বোঝাই করে রওনা দেয়। এ সময় সড়কে ঘন কুয়াশা ছিল। পৌনে আটটার দিকে সোহাদিয়া গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার থাকা সকলেই আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফতেহ আকরাম জানান, একজনকে মৃত অবস্থায় এবং তিন জনকে গুরুতর অহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের অনেকেরই দাঁত ভেঙে গেছে অনেকের হাত ভেঙে গেছে। আমরা তাদেরকে রেফার করেছিলাম। কিন্তু আহতদের স্বজনরা এখনো উপস্থিত না হওয়ায় তারা এখনো শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।



