কালীগঞ্জে প্রতিশোধ নিতে মাছের খামারে বিষ দিয়েছে চোর চক্র!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জাঙ্গালিয়ায় খামার থেকে মুরগি চুরি করার সময় চোর চক্রকে চিনে ফেলায় প্রতিশোধ নিতে মাছের খামারে বিষ দিয়েছে চোর চক্র। এতে পাঁচ লাখ টাকার মাছ মরেছে বলে থানায় অভিযোগ দিয়েছে এক ভুক্তভোগী।
শনিবার সকালে জাঙ্গালিয়া মুনতলী গ্রামে সোহাগ শেখের মাছের খামারে এ ঘটনা ঘটে।
খামারে মালিক ভুক্তভোগী সোহাগ শেখ বলেন, আমার পাঁচ হাজার লেয়ার মুরগির একটি খামার আছে। ওই খামার থেকে প্রতি রাতেই মুরগি চুরি হতো। তাই পাহারার ব্যবস্থা করি। ২ মার্চ রাতে মুনতলী এলাকার তানজিল ভূইয়া (২২), সবুজ দেওয়ান (২৫) ও পাশ্ববর্তী রয়েন গ্রামের জাহিদুল ইসলামসহ কয়েকজনকে খামার থেকে মুরগি চুরির করার সময় চোর তাদেরকে দেখতে পায় পাহারাদাররা। এরপর চুরির বিষয়ে তাদের জিজ্ঞাস করলে তারা আমাকে হত্যা করে খামারের মুরগী লুটসহ অন্যানভাবে ক্ষতি করার হুমকি দেয়।
তিনি আরো বলেন, শুক্রবার রাতে আমার মুরগির খামার ও মাছের খামারের পাশে তানজিল ভূইয়া ও সবুজ দেওয়ানকে ঘোরাঘুরি করতে দেখি। সকালে গরুর ঘাস কাটতে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখেন আমার বাবা শামসুল হক শেখ। পরে আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানাই ও থানায় অভিযোগ করি।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী সোহাগ শেখের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



