টঙ্গীতে কারখানার ‘অরক্ষিত’ লিফট ছিঁড়ে এক শ্রমিকের মূত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর বিসিক এলাকায় ’তাজ ওয়াশিং’ কারখানার ‘অরক্ষিত’ লিফট ছিঁড়ে জুলহাস মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মূত্যু হয়েছে।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কুলিয়ারচর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার এসআই মো. নজরুল ইসলাম ও নিহতের সহকর্মী আজিজুল হক জানান, কারখানাটি দুই মাস আগে চালু হয়। সেখানে নতুন লিফট বসানোর কাজ চলমান ছিল। দুপুরে তৃতীয়তলা থেকে ওই লিফটে ওঠে নিচে নামার জন্য জুলহাস সুইচ দেন। তখন লিফটটি নিচে পড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই নজরুল ইসলাম আরো বলেন, দুর্ঘটনার পর কারখানার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। আর লিফটটিও ছিল অরক্ষিত অবস্থায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।



