‘আইনের লোক পরিচয়ে’ কালীগঞ্জ থেকে সরকারি কলেজের এক প্রভাষকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

‘আইনের লোক পরিচয়ে’ কালীগঞ্জ থেকে সরকারি কলেজের এক প্রভাষকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘আইনের লোক পরিচয়’ দিয়ে নরসিংদী সরকারি মহিলা কলেজের এক প্রভাষকে কালীগঞ্জ থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এরপর প্রায় ৪৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।

গত শনিবার দিবাগত রাতে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে থেকে তাঁকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই প্রভাষকে বড় ভাই মহসিন কবির।

তুলে নিয়ে যাওয়া শিক্ষকের নাম মোতাহার হোসেন (৩৫)। তিনি ৩৩তম বিসিএস ক্যাডার এবং নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের হাফিজ উদ্দিন মোড়লের ছেলে।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত একটার দিকে অজ্ঞাত ছয়-সাতজন লোক সাদাপোশাকে মোতাহার হোসেনের বাড়িতে যায়। তারা নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে নিখোঁজ মোতাহারের বড় ভাই মো. মহসিন কবিরকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাঁর কাছে মোতাহার হোসেন কোথায় আছে তা জানতে চান, তখন মহসিন কবির তাদের বলেন, মোতাহার কাপাইশ গ্রামে এক ওয়াজ মাহফিলে গেছেন। এরপর তাঁরা দ্রুত বাড়ি থেকে চলে যান। মহসিন কবির পরে তাঁর ভাইয়ের মুঠোফোনে কল দিয়ে অবস্থান জানতে চাইলে মোতাহার হোসেন তাঁকে জানায় সে ওয়াজ মাহফিলে প্রধান বক্তার গাাড়ি দিয়ে বাড়ির কাছাকাছি এসে নেমে বাড়ি আসতেছে। এরপর রাত আনুমানিক দুইটার দিকে মোতাহার হোসেন ফোন দিয়ে জানায় তাঁকে একটি মাইক্রোবাসে তুলে টঙ্গীর দিকে নিয়ে যাচ্ছে একটি তথ্য জানার জন্য।এরপর তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও আর পাওয়া যায়নি। পরে বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি।

প্রভাষকে বড় ভাই মহসিন কবির বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আমার ভাই ফোন করে বলেন, তাঁর জন্য দোয়া করতে। আমাকে এই লোকেরা টঙ্গীর দিকে নিয়ে যাচ্ছেন। এর পর তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও আর পাওয়া যায়নি। এর পর বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করা হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার  এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, প্রভাষক মোতাহার হোসেনের ভাই কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। মোতাহার হোসেনকে সন্ধানের চেষ্টা চলছে। দ্রুতই তাঁর সন্ধান পাওয়া যাবে বলে আশা করছি।