গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা মোকবেলার জন্য সরকার সীমিত আকারে দেশ লকডাউন করতে পারে বলে জানা গেছে। সীমিত আকারে লকডাউনের মধ্যে থাকবে হোটেল, রেস্তোরাগুলো বন্ধ করা। শুধুমাত্র ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো ছাড়া আপাতত সব বন্ধ করা। জরুরি জনগুরুত্বপূর্ণ নয় এমন বেসরকারি অফিস সাময়িকভাবে বন্ধ রাখা এবং জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যাতে ঘর থেকে বের না হয়- লকডাউনের ক্ষেত্রে এমন পদক্ষেপগুলোর কথা ভাবা হচ্ছে।
তবে এই সীমিত লকডাউন কবে থেকে চালু হবে, কি প্রক্রিয়ায় চালু হবে- সে ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যে সরকার করোনাভাইরাস মোকাবেলার জন্য ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে। একই সঙ্গে ২৫ মার্চ স্বাধীনতা পদক বিতরণের অনুষ্ঠানও স্থগিত করেছে।
ইতিমধ্যে করোনা আতঙ্কে ঢাকা শহরে লোক চলাচল সীমিত হয়ে গেছে। রাস্তাঘাটগুলোতে মানুষের চলাফেরা অনেক কমে গেছে। সরকার মনে করছে যে, সীমিত লকডাউন করলে পরিস্থিতির আরও উন্নতি হবে।