ঢাকা ছেড়েছে ১ কোটি ১০ লাখ ফোন ব্যবহারকারী, বিদেশফেরত ৫ লাখ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ছুটি ঘোষণার পর ১ কোটি ১০ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তাদের সঙ্গে আছেন ৪ লাখ ৮০ হাজার মানুষ, যারা বিদেশ থেকে দেশে ফিরছেন।

মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে প্রথম আলো।

জনসমাগম এড়াতে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরপরই মানুষ গ্রামে ছুটতে শুরু করে। বাস ও লঞ্চ টার্মিনালে ভিড় লেগে যায়। মহাসড়কে যানজটও হয়।

জাতিসংঘের এক নথিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণে ‘খুব সম্ভবত ঝুঁকিপূর্ণ ও সংক্রমণশীল লোকজন সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে রোগের বিস্তার আরো ত্বরান্বিত হয়েছে।’ তবে নথিতে এও বলা হয়, ঢাকা থেকে লোকজন বের হয়ে যাওয়ায় রাজধানী শহরের ওপর কোভিড-১৯ রোগীদের বোঝা হয়তো কমেছে এবং তা দেশজুড়ে বিন্যস্ত হয়েছে।

এনটিএমসির ওই কর্মকর্তা বলেন, ১ কোটি ফোন ব্যবহারকারীর সঙ্গে তাদের শিশুসন্তান বা যাদের ফোন নেই, তাদের সংখ্যা যুক্ত করলে এ সংখ্যা অনেক হবে। এত বিপলসংখ্যক মানুষের মধ্যে কারও যদি করোনাভাইরাস থেকে থাকে, তাহলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করবে।

এদিকে আজ শনিবার দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। ফলে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪৮ জনই রয়েছে। এছাড়া নতুন করে আরো চারজন সেরে উঠেছেন।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন পাঁচজন। আগের ১১ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৫ জন।’

আইইডিসিআর পরিচালক জানান, নিশ্চিত কিংবা সন্দেহভাজন আক্রান্ত হিসেবে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। এখন পর্যন্ত মোট ২৮৪ জন আইসোলেশনে ছিলেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। সবমিলিয়ে এক হাজার ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।