গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কভিড-১৯) বৃহস্পতিবার এক হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড।
বিবিসি জানায়, এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার জন।
এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নিউইয়র্কে। অঙ্গরাজ্যটিতে মারা গেছে অন্তত ২ হাজার ৪৬৮ জন। যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের ৩৮ শতাংশই নিউইয়র্কের বাসিন্দা।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গোটা যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয়ভাবে ‘ঘরে থাকার নির্দেশনা’ দেবেন না। কারণ, একেক অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি একেক পর্যায়ে রয়েছে।
অন্যদিকে করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার জনে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৪ হাজার মানুষ। আক্রান্ত ১ লাখ ১৫ হাজার।
তবে গত ডিসেম্বরে চীনের উহানে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন দেশটিতে রহস্যময় আচরণ করছে। বলতে গেলে দেশটিতে আর করোনা সংক্রমণ নেই বললেই চলে।
চীনের দাবি, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৪৩৭ জন। মারা গেছেন ৩ হাজার ৩২২ জন। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে চীনের দেওয়া এই পরিসংখ্যানকে ভুয়া দাবি করা হয়েছে।