কালীগঞ্জে নিখোঁজের ৪১ দিন পর বাড়ির পাশে ডোবায় মিলল খ্রিস্টান বৃদ্ধের গলিত লাশ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নিখোঁজের ৪১ দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে দ্বীপক গমেজ (৬৫) নামে খ্রিস্টান এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে কালীগঞ্জের সাতানিপাড়ার দেউলিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত দ্বীপক গমেজ সাতানিপাড়ার এলাকার মৃত কার্নেলিউজ গমেজ এর ছেলে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আঃ গাফফার জানায়, গত ২১ ফেব্রুয়ারি সকালে পরিবারের কাউকে কিছু না বলে দ্বীপক গমেজ বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে না ফিরলে পরবর্তীতে আত্মীয়-স্বজন বাড়ি সহ অন্যন্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে অভিহিত করে কালীগঞ্জে থানায় একটি সাধারণ ডায়েরি  (জিডি) করেন নিহতের ছেলে সাগর কার্নেলিউজ গমেজ। শুক্রবার বিকেলে দ্বীপক গমেজের বাড়ি সংলগ্ন নয়াবাজার থেকে দেউলিয়া গ্রামে যাওয়ার রাস্তার পাশে একটি ডোবার কচুরিপানার নিচে পানিতে লাশ বাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিখোঁজের পর করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বলেন, দ্বীপক গমেজের বাড়ি সংলগ্ন রাস্তার পাশের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে লাশ লাশ উদ্ধার করা হয়েছে।তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজের পর দ্বীপক গমেজের খোঁজে বিভিন্ন স্থানে বেতার বার্তাসহ সকল ধরনের অনুসন্ধান করা হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম বলেন, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর দ্বীপক গমেজের ছেলে ২৩ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করছিল। নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।