গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৭) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) বিকেলে উত্তরার তুরাগ থানা এলাকার একটি ঝোপ (ছোট গাছের জঙ্গল) থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম  এবং তুরাগ থানার উপ পরিদর্শক (এসআই) সজল কান্তি রায়।

নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মিরপুরের ২ নাম্বার সেক্টরে থাকতেন।

তুরাগ থানার উপ পরিদর্শক (এসআই) সজল কান্তি রায় বলেন, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা ১৭ নাম্বার সেক্টরের পাঁচ নাম্বার ব্রিজের পশ্চিম দিকের ৮ নাম্বার রোডে পাশের একটি জঙ্গল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন কর্মস্থলের উদ্দেশে সোমবার সকালে মিরপুরের বাসা  থেকে বের হন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী খোদেজা আক্তার বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেছেন।

সত্যতা নিশ্চিত করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম বলেন, নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৭) কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রকৌশলী দেলোয়ার হোসেন ২০১৩ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button